হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি বা অন্য কারও প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরবের আইনানুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্যাদি বহন নিষিদ্ধ। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও উল্লেখ রয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বারবার সতর্ক করা সত্ত্বেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে অনেক সময় নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে। তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন