স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি বাধ্যতামূলক?

ধর্ম ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৪৯ পিএম
স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি বাধ্যতামূলক?

নারী তাঁর স্বামীকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর উপস্থিতি কামনা করেন এবং ভালোবাসার অংশ হিসেবে অনেক স্ত্রী নিজের নামের সঙ্গে স্বামীর নাম ও পদবি যুক্ত করেন।

তারা মনে করেন, নিজের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত থাকাটাও তাঁর উপস্থিতির পরিচয় বহন করে, তবে অনেকেই জানতে চান, এভাবে স্বামীর নাম-পদবি যুক্ত করা ইসলামি শরিয়তে বৈধ কি না।

এই বিষয়ে একটি প্রশ্নের আলোকে জনপ্রিয় ইসলামিক অ্যাপ মুসলিম বাংলায় সমাধান দিয়েছেন রাজধানীর দারুর রাশাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শায়খ উমায়ের কোব্বাদী।

তিনি জানান, নিজের নামের সঙ্গে স্বামীর নাম-পদবি ব্যবহার করে স্বামীর নামকে নিজের নামের অংশ বানিয়ে ফেলা আসলে একটি পাশ্চাত্য সংস্কৃতি, যা ইসলাম সমর্থন করে না।

ইসলামের দৃষ্টিতে এটি অযৌক্তিক ও নাজায়েজ উল্লেখ করে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত তুলে ধরেন।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। (সুরা আহজাব: ০৫)

উমায়ের কোব্বাদি বলেন, উল্লিখিত আয়াতে পিতা কর্তৃক প্রদত্ত বংশীয় নাম ঠিক রাখার জন্য আল্লাহ তায়ালা আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

এদিকে হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচয় দেয় অথবা যদি কোনো দাস তার মুনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মুনিব বানায়, তার ওপর আল্লাহর, ফেরেশতা ও সমগ্র মানব জাতির লা’নত বর্ষিত হবে।

হাদিসের শেষ অংশে আরও বলা হয়েছে, কেয়ামত দিবসে আল্লাহ তাঁর কোনো ফরজ কিংবা নফল ইবাদত কবুল করবেন না। (মুসলিম: ১৩৭০)

এএন