সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩৭ এএম
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা

সিন্ডিকেট ভাঙা, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্তকরণ ও এনইআইআর সংস্কারসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দিয়েছেন তারা।

শনিবার বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়। 

সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, রোববার সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ থাকবে এবং সাধারণ ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

মোবাইল ব্যবসায়ীদের দাবি, এনইআইআর চালু হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। তাদের অভিযোগ, এ নিয়মে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হলেও সাধারণ ব্যবসায়ীরা বাজারে টিকতে পারবেন না। একই সঙ্গে বাড়তি কর ও জটিলতার কারণে মোবাইল ফোনের দামও বৃদ্ধি পাবে।

এর আগে গত ৩০ নভেম্বরও এনইআইআর সংস্কারের দাবিতে সারাদেশে দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ২৯ নভেম্বর রাতে এমবিসিবি এক ঘোষণায় এ কর্মসূচি জানিয়েছিল।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হওয়ার কথা। এতে অনিবন্ধিত, চুরি হওয়া কিংবা অনুমোদনবিহীন মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্ত কার্যকরের আগে বড় আন্দোলনে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা।

জেএইচআর