বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, দেশের সাবমেরিন ক্যাবল সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার কারণে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবায় আংশিক বিঘ্ন ঘটতে পারে। এই চারদিন প্রতিদিন ৮ ঘণ্টা সময় ধরে ইন্টারনেটের ধীরগতি বা অস্থায়ী সেবা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হচ্ছে। এই কাজের সময় সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুরমুখী সার্কিট সাময়িকভাবে প্রভাবিত হবে।
তবে বিএসসিপিএলসি আশ্বাস দিয়েছে, অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা আগের মতোই চলমান থাকবে। প্রতিষ্ঠানটি বলছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে রক্ষণাবেক্ষণ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে, যেন নির্ধারিত সময়ের মধ্যেই ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়।
গ্রাহকদের কাছে প্রতিষ্ঠান অনুরোধ করেছে, এই সময়ে ইন্টারনেট ধীরগতি বা অস্থায়ী বিঘ্নের কারণে ধৈর্য ধরার জন্য।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন