শিশু রামিসা হত্যায় স্তব্ধ দেশ, দ্রুত বিচারের দাবি আজহারীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:৩৪ পিএম
শিশু রামিসা হত্যায় স্তব্ধ দেশ, দ্রুত বিচারের দাবি আজহারীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম ও জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে!

তিনি আরও উল্লেখ করেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার পাওয়া কেবল আইনের বিষয় নয়, বরং এটি এখন গোটা মানবতার দাবি। আগামী দিনে শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই নির্মমতার দ্রুত বিচার এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, ঢাকার পল্লবীতে প্রতিবেশীর বাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নির্মমভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই পৈশাচিক ঘটনাটি দেশজুড়ে ব্যাপক জনরোষ ও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

জেএইচআর