সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রোমে একদল যুবকের হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। সেখান থেকে নিজেকে মুক্ত করে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার প্রভাবও স্পষ্টভাবে ধরা পড়ে।
ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারীরা বারবার বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন এবং একে অপরকে হামলা চালাতে উসকানি দিচ্ছিলেন।
যদিও ঘটনাটি রোমে ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে হামলার প্রকৃত কারণ কিংবা হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠলেও, ঘটনার সময় বনি আমিন মদ্যপ ছিলেন কি না বা রাজনৈতিক মতভেদের কারণে এ হামলা হয়েছে কি না—এসব বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এই ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। সেই অভিজ্ঞতা তিনি নিয়মিত ফেসবুকে শেয়ার করেন। পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়েও নিজের মতামত প্রকাশ করে পরিচিতি পেয়েছেন।
বিদেশের মাটিতে একজন কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন হামলার ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন