ইডিসিএল: জনস্বাস্থ্যের অগ্রযাত্রায় এক নির্ভরযোগ্য নাম

রুহেল হাশেমী প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:২৪ পিএম
ইডিসিএল: জনস্বাস্থ্যের অগ্রযাত্রায় এক নির্ভরযোগ্য নাম
  • স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে উন্নয়নের পথে নতুন দিগন্ত

বাংলাদেশে জনস্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও উচ্চমানের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। 

প্রতিষ্ঠার পর থেকে ইডিসিএল শুধু দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকেই গড়ে তুলছে না, বরং মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নেও রাখছে বিশেষ অবদান।

ইডিসিএল বর্তমানে দেশের ভেতরে ও বাইরে সরকার নির্ধারিত মূল্যে উচ্চমানের ওষুধ সরবরাহ করছে। সরকারি হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ দেশের প্রতিটি প্রান্তে ইডিসিএলের উৎপাদিত ওষুধ পৌঁছে যাচ্ছে।

শুধু তাই নয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), ইউএনএফপিএ (UNFPA) এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানিতেও (SMC) সরবরাহ করা হচ্ছে মানসম্মত ওষুধ।

উৎপাদন কেন্দ্র ও কার্যক্রম

ইডিসিএলের ওষুধ উৎপাদনের জন্য রয়েছে একাধিক আধুনিক প্লান্ট। ঢাকার প্রধান প্লান্টে উৎপাদিত হয় বিভিন্ন জরুরি প্রয়োজনীয় ওষুধ, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন এবং অন্যান্য ওষুধ সামগ্রী। বগুড়া প্লান্টে ব্যাপকভাবে ওষুধ উৎপাদনের কাজ হয়, যা দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খুলনা প্লান্ট বিশেষভাবে পুরুষ কনডম উৎপাদনে নিয়োজিত, যা দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

অন্যদিকে টাঙ্গাইল প্লান্টে কনডমের কাঁচামাল প্রস্তুত ও চূড়ান্ত উৎপাদনের কাজ সম্পন্ন হয়।

উৎপাদন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখতে ইডিসিএল নিয়মিতভাবে আধুনিক প্রযুক্তি সংযোজন করছে। প্রতিটি ব্যাচের ওষুধ উৎপাদনের আগে ও পরে মান নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয়। ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রতিটি ধাপে অফিসার হতে জিএম পর্যন্ত দায়িত্বে সচেষ্ট থাকেন।

গুণগত মানের ওষুধ উৎপাদনে নিরলস তদারকি

ইডিসিএলের উপ-মহাব্যবস্থাপক, প্লান্ট (চলতি দ্বায়িত্ব) মো. হেলাল উদ্দিন দৈনিক আমার সংবাদকে বলেন, ‘দেশের জনস্বাস্থ্য রক্ষায় মানসম্পন্ন ওষুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য একটি আধুনিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে থাকে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, প্রোডাকশন ডেভেলপমেন্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। এসব বিভাগের অফিসার থেকে শুরু করে জেনারেল ম্যানেজার (জিএম) পর্যন্ত নিয়মিতভাবে উৎপাদন প্রক্রিয়া তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।’

তিনি বলেন, ‘তাদের পরিকল্পনা ও নির্দেশনার আলোকে প্রকৃত উৎপাদন কার্যক্রম করেন দক্ষ শ্রমিকরা। দিনরাত পরিশ্রম করে তারা এমন ওষুধ তৈরি করেন যা রোগীদের জন্য নিরাপদ এবং কার্যকর। কোয়ালিটি কন্ট্রোল বিভাগ প্রতিটি ব্যাচের ওষুধ পরীক্ষা করে নিশ্চিত হয় যে তা জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে। এরপর কোয়ালিটি অ্যাসুরেন্স দল অনুমোদন দেয় বাজারজাত করার জন্য।’

বিশেষজ্ঞদের মতে, মানসম্মত ওষুধ উৎপাদনে এ ধরনের সমন্বিত তদারকি অপরিহার্য। সঠিক প্রক্রিয়া অনুসরণ ও মান নিয়ন্ত্রণ ছাড়া রোগীদের জন্য কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়। তাই ওষুধ শিল্পের প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা দেশের স্বাস্থ্য খাতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অফিসারদের ভূমিকা: দায়িত্বশীলতা ও জবাবদিহিতা

ইডিসিএলের বিভিন্ন পর্যায়ের অফিসাররা নির্দিষ্ট দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। প্লান্টের যন্ত্রপাতি সচল রাখা, উৎপাদন প্রক্রিয়া নির্বিঘ্নভাবে পরিচালনা করা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো তাদের মূল কাজ।

ওষুধের মান নিয়ন্ত্রণ, নতুন ফর্মুলেশন উদ্ভাবন, এবং উৎপাদন পর্যায়ে গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব তারা পালন করেন।

বিপণন ও সরবরাহ কর্মকর্তা

ওষুধের বিপণন কৌশল প্রণয়ন, বাজারজাতকরণ, সরকারি ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী সময়মত সরবরাহ নিশ্চিত করা তাদের কাজ। আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে দেশের ওষুধকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রশাসনিক কর্মকর্তা

মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক হিসাবরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম এবং কোম্পানির সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে তারা সবসময় সক্রিয়। এই সমন্বিত প্রচেষ্টার ফলে ইডিসিএল দিনে দিনে আরও দক্ষ ও স্বচ্ছ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।

স্বাস্থ্যখাতে ইডিসিএলের অবদান

বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে ইডিসিএল শুধু ওষুধ সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং গবেষণা ও উন্নয়ন (R&D)-এর মাধ্যমে নতুন নতুন ওষুধ তৈরির উদ্যোগ নিচ্ছে। দেশের মানুষের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা পূরণে এবং ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এছাড়া মহামারি, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ওষুধ সরবরাহের ক্ষেত্রেও ইডিসিএল সর্বদা এগিয়ে থাকে। করোনা মহামারির সময় এই প্রতিষ্ঠান দেশের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

৫ আগস্ট পরবর্তী অগ্রগতি ও নতুন চ্যালেঞ্জ

৫ আগস্টের পর থেকে ইডিসিএল নতুন উদ্যমে কাজ করছে। কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির জন্য নতুন নিয়মনীতি প্রণয়ন করা হয়েছে। এর ফলে উৎপাদনশীলতা বেড়েছে, ওষুধের মান আরও উন্নত হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের তত্ত্বাবধানে, স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের নির্দেশনায় ও ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা দিনরাত কাজ করে যাচ্ছেন। তারা সবাই মিলে ইডিসিএলকে একটি আধুনিক, দক্ষ এবং আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

জনস্বাস্থ্যের ভবিষ্যৎ ও ইডিসিএলের লক্ষ্য

ইডিসিএলের ভবিষ্যৎ লক্ষ্য হলো আরও আধুনিক প্রযুক্তি সংযোজন করে উৎপাদন বাড়ানো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ওষুধের অংশ বাড়ানো এবং দেশের মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ সবসময় সহজলভ্য রাখা।

জনস্বাস্থ্যের মানোন্নয়ন একটি চলমান চ্যালেঞ্জ। সংক্রামক রোগ, দীর্ঘস্থায়ী রোগ এবং নতুন নতুন স্বাস্থ্য সংকট মোকাবেলায় ইডিসিএলকে প্রতিনিয়ত উদ্ভাবনী হতে হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে আরও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) আজ আর শুধু একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, বরং দেশের জনস্বাস্থ্যের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। সরকারি উদ্যোগ, কর্মকর্তাদের নিষ্ঠা, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার— এই তিনটি উপাদানের সমন্বয়ে ইডিসিএল আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এইচআর/জেএইচআর/ইএইচ