বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কুরুচিপূর্ণ মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওই বিতর্কিত মন্তব্যটি করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে বোর্ডের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক জবাব দিতে বলা হয়েছে।
বিসিবি সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক, যিনি দেশের হয়ে দীর্ঘ সময় পারফর্ম করেছেন, তার সম্পর্কে এমন মন্তব্য করার আগে আরও সচেতন হওয়া উচিত ছিল। সবার আগে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।”
নোটিশটি দাপ্তরিকভাবে পাঠানো হয়েছে কি না এমন প্রশ্নে বুলবুল জানান, যেহেতু অভিযুক্ত ব্যক্তি নিজেই বোর্ডের একজন পরিচালক, তাই আগামী ২৪ জানুয়ারি নির্ধারিত বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা করা হবে। সেখানে তার দেওয়া জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, বোর্ডের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার কাছ থেকে জাতীয় বীরদের প্রতি এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন