বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি প্রতিনিধিদলের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ বৈঠকে বিসিবির অনড় অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ভারতের মাটিতে খেলতে রাজি নয়। বৈঠকে বিশ্বকাপ ভেন্যু সমস্যা নিরসনে সম্ভাব্য সমাধানের পথ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশ সফরে আইসিসির প্রতিনিধি হিসেবে সরাসরি অংশ নেন সংস্থাটির ইন্ট্রেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতায় ইভেন্ট অ্যান্ড করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা অনলাইনে বৈঠকে যোগ দেন।
বিসিবির পক্ষে আলোচনায় অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বৈঠকে টাইগারদের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বিসিবি। একই সাথে খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা আইসিসিকে জানানো হয়।
বোর্ড সূত্র জানিয়েছে, আইসিসি প্রতিনিধিরা বিসিবির দাবিগুলো গুরুত্বের সাথে শুনলেও কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সাথে আলোচনার পর দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তারা আশ্বস্ত করেছেন।
আলোচনা গঠনমূলক হয়েছে জানিয়ে বিসিবি উল্লেখ করেছে যে লজিস্টিক বিষয়গুলো সহজ করতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়েও কথা হয়েছে।
বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিধায় আইরিশদের সাথে গ্রুপ বিনিময়ের একটি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও উভয় পক্ষই নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন