আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ খাগড়াছড়ি কারাগারের ১৬ জন বন্দি।
নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। এছাড়া দেশ ও প্রবাস থেকে আরও ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টালে ভোট দেবেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন জানান, কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দি রয়েছেন। বন্দিদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে মুক্ত হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন