আসন্ন ২০২৬ বিশ্বকাপে দর্শকদের জন্য স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। এর ফলে খালি বা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল নিয়েও আর স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
এর আগে মাত্র তিন সপ্তাহ আগে ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে বলা হয়েছিল, সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল স্টেডিয়ামে আনা যাবে। তবে নতুন সিদ্ধান্তে সেই নিয়ম বাতিল করা হয়েছে।
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ফিফা টিকিটধারীদের নতুন আচরণবিধি সম্পর্কে অবহিত করেছে। হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনও আর অনুমোদিত নয়।
এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আগে দর্শকরা খালি বোতল নিয়ে এসে স্টেডিয়ামের ভেতরের পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি ভরার সুযোগ পেতেন, যা এখন আর সম্ভব হবে না।
ফিফার নতুন নীতিমালায় কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুখাদ্য ও জীবাণুমুক্ত পানি বহনের অনুমতি, পাশাপাশি চিকিৎসাজনিত কারণে প্রয়োজনীয় তরল আনা যাবে। তবে সে ক্ষেত্রে ইংরেজি, ফরাসি বা স্প্যানিশ ভাষায় চিকিৎসা সনদ দেখাতে হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন