এশিয়ান গেমস বাছাই

রোমাঞ্চকর জয়ে হকি দলের যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:০২ পিএম
রোমাঞ্চকর জয়ে হকি দলের যাত্রা শুরু

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ হকি দল। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই দুদল সমানে সমান লড়াই চালিয়েছে।

যদিও খেলার চতুর্থ মিনিটেই লি চি-শুয়ানের গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ, তবে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে দলকে সমতায় ফেরান।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। এর ফলে ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আশরাফুল। এরপর তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। চতুর্থ কোয়ার্টারে লড়াই আরও জমে ওঠে এবং ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।

ম্যাচের শেষ দিকে চায়নিজ তাইপে পরপর দুই গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। রোমাঞ্চকর এই জয়ের মাধ্যমে বাছাই পর্বের মিশন শুরু করল আমিরুল-রাব্বিরা। উল্লেখ্য, এবারের বাছাই পর্বে অংশ নেওয়া ৯টি দলের মধ্যে শীর্ষ ৬টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

আগামীকাল শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের দল। প্রথম ম্যাচের এই জয় পরবর্তী ম্যাচগুলোতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

জেএইচআর