বাংলাদেশ–নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:৪৫ এএম
বাংলাদেশ–নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ শুক্রবার সকাল ১১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেই জয়ের ধারা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠের কন্ডিশন ও সাম্প্রতিক ফর্ম, দুই দিক থেকেই টাইগাররা কিছুটা এগিয়ে থাকলেও, আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ৯ নম্বরে।

ওয়ানডে ফরম্যাটে নিজেদের পুরোনো ছন্দ ফিরে পেয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে পেসারদের ধারাবাহিক পারফরম্যান্স এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের উত্থান কিউইদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

অধিনায়ক মিরাজ জানিয়েছেন, পাকিস্তান সিরিজের মতো একটি স্পোর্টিং উইকেটেই খেলতে চায় দল। দিনের ম্যাচ হওয়ায় গরম ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

সবশেষ সিরিজের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পেস ও স্পিনের ভারসাম্যপূর্ণ আক্রমণ সাজিয়ে শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে ফেলতে চায় স্বাগতিকরা।

সব মিলিয়ে, আজকের ম্যাচে দেখা যাবে এক দারুণ প্রতিদ্বন্দ্বিতা, একদিকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিউজিল্যান্ড, অন্যদিকে সাম্প্রতিক জয়ের ধারায় আত্মবিশ্বাসী বাংলাদেশ।

এম জি