নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ২০০ রানও করতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে তারা ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামলেও শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই হারায় ২ উইকেট। এই দুই উইকেটই তুলে নেন নাহিদ রানা। অন্যদিকে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিয়ন্ত্রিত বোলিং করে শুরুটা শক্ত করে দেন। প্রথম চার ওভারে দুজনই একটি করে মেডেন দেন।
অষ্টম ওভারে আক্রমণে এসে হেনরি নিকোলসকে (১৩) এলবিডব্লিউ করেন রানা। পরের ওভারের প্রথম বলেই উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে দেন। মাত্র ১ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচে দারুণ ছাপ ফেলেন তিনি।
পরে সৌম্য সরকার ফিরিয়ে দেন অধিনায়ক টম ল্যাথামকে (১৪)। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউজিল্যান্ড। নিক কেলি ও মুহাম্মদ আব্বাস মিলে ৫৬ রানের জুটি গড়েন।
কেলি লড়াই চালিয়ে গিয়ে খেলেন ৮৩ রানের ইনিংস, তবে অন্যরা তাকে সঙ্গ দিতে পারেননি।
সেট ব্যাটাররা আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের আঘাতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
নিজের শেষ ওভারে জেইডেন লেনক্স-কে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। তিনি ৩২ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
এর আগে গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত ১৯৮ রানে থামে নিউজিল্যান্ড। এখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯৯ রান। যা তাড়া করে সিরিজে টিকে থাকতে চায় টাইগাররা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন