আন্তর্জাতিক হকির আঙিনায় রূপকথার যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশের নারী দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা। দলের এই অবিশ্বাস্য জয়ের রূপকার আইরিনা রিয়া, যাঁর হ্যাটট্রিকে চূর্ণ হয়েছে সিঙ্গাপুরের রক্ষণভাগ।
সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে রিয়ার দর্শনীয় গোলে লিড নেয় আইরিনা-অর্পিতারা। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সিঙ্গাপুর। চার মিনিট পরই চিয়া চেরিলের গোলে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ফেরে। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই প্রাণপণ চেষ্টা করেও গোলের দেখা পায়নি।
নির্ধারিত সময়ের খেলা যখন ১-১ ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই জ্বলে ওঠেন রিয়া। ম্যাচের ৫৭ ও ৫৮ মিনিটে পর পর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। মাত্র ২ মিনিটের ব্যবধানে দুই গোল করে সিঙ্গাপুরকে ম্যাচ থেকে ছিটকে দেন রিয়া। শেষ বাঁশি বাজার পর মাঠেই উদযাপনে মেতে ওঠেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা।
মজার বিষয় হলো, এটিই বাংলাদেশের নারী হকি দলের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রথম আসরেই উজবেকিস্তান ও হংকং চায়নার মতো শক্তিশালী দলকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া এবং ফাইনালে পৌঁছানো দেশের নারী ক্রীড়া ইতিহাসে এক বিশাল অর্জন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সাথে ড্র করলেও পরবর্তী প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন