এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩১ পিএম
এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়া অধিনায়ক লিওনেল মেসির ছবি ছড়িয়ে পড়তেই ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয় আলোচনা- এটাই কি আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ? তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, জাতীয় দলকে বিদায় জানানোর কোনো সিদ্ধান্ত এখনও নেননি আর্জেন্টাইন মহাতারকা।

৩৯ বছর বয়সী মেসিকে ফাইনালের পর আবেগাপ্লুত অবস্থায় দেখা গেলেও তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। বরং বিশ্বকাপটি তার শেষ হতে পারে- এমন আলোচনা আগে থেকেই থাকলেও এই টুর্নামেন্ট শেষে জাতীয় দল ছাড়ার বিষয়ে তিনি কখনোই আনুষ্ঠানিক বা ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তার ঘনিষ্ঠ মহলের কাছেও এমন কোনো বার্তা দেননি বলে জানা গেছে।

ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়েও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেসি। ম্যাচ শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় পরাজয়ের বেদনা এবং ‘উন্মুক্ত ক্ষত’-এর কথা উল্লেখ করলেও জাতীয় দল নিয়ে কোনো ইঙ্গিত দেননি।

সবকিছু বিবেচনায় এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ধারণা হলো, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নয়। জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত নিলে তিনি সেটি দেশের সমর্থকদের সামনেই জানাতে চাইবেন- এমন সম্ভাবনার কথাও আলোচনা হচ্ছে।

আগামী সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আবার মাঠে নামবে আর্জেন্টিনা। সে সময় দুটি প্রীতি ম্যাচ খেলার সূচি রয়েছে। যদিও প্রতিপক্ষ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবু সেই ম্যাচগুলোতেই মেসিকে আবারও আকাশি-সাদা জার্সিতে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে ওঠাই মেসির প্রধান লক্ষ্য। এরপরই তিনি নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ২০৩০ সালের বিশ্বকাপ এখনও অনেক দূরের পথ। শতবর্ষের সেই আসরের আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল। পাশাপাশি শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্বাগতিক দেশ হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে প্রতিযোগিতামূলক প্রস্তুতি ধরে রাখতে দলটিকে বাছাইপর্ব বা বিকল্প প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে হতে পারে। সেই দীর্ঘ পথচলায় মেসি থাকবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর এখনও অমীমাংসিত।

এএন