ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এতদিন ক্লাবগুলো নিজেদের ব্যবস্থাপনায় ক্রিকেটারদের দুপুরের খাবার সরবরাহ করত, যেখানে সাধারণত ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের মতো খাবার থাকত। তবে এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে খেলোয়াড়দের খাবারের দায়িত্ব নেবে বিসিবি, এবং সেখানে থাকবে ফিটনেস বজায় রাখতে সহায়ক স্বাস্থ্যসম্মত খাদ্য।
মিরপুরে ডিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্বে থাকা তামিম ইকবাল। তিনি বলেন, খেলোয়াড়দের খাদ্যাভ্যাস পরিবর্তন সহজ নয়, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটারদের জন্য। জাতীয় দল বা বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হলেও ডিপিএলের অনেক খেলোয়াড়ের জন্য হঠাৎ পরিবর্তন কঠিন হবে। তাই ধীরে ধীরে স্বাস্থ্যসম্মত রান্নার দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, খাবারের মান উন্নত করার পাশাপাশি পুরো ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই লক্ষ্য।
এবারের ডিপিএলে নিরাপত্তা ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসছে। গত আসরে খেলা চলাকালীন গুরুতর শারীরিক পরিস্থিতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিটি ভেন্যুতে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স রাখা হবে। মোট ছয়টি ভেন্যুতে চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে বলে জানান তামিম ইকবাল। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব, তাই প্রতিটি মাঠে জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে।
এ ছাড়া এবার থেকে ডিপিএলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দুর্নীতিবিরোধী নিয়মকানুনও কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন