পরিচ্ছন্নতাকর্মীদের টাকা মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তামিম

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৪:৪৪ পিএম
পরিচ্ছন্নতাকর্মীদের টাকা মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিস্ময় প্রকাশ করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

জানা গেছে, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দৈনিক ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তারা হাতে পাচ্ছেন প্রায় ৩০০ টাকা। বাকি অর্থ বিভিন্ন পর্যায়ে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি স্টেডিয়াম পরিদর্শনের সময় বিষয়টি প্রথম জানতে পারেন তামিম। এক পরিচ্ছন্নতাকর্মী তাকে সরাসরি জানান, তাদের নির্ধারিত পারিশ্রমিকের পুরোটা দেওয়া হচ্ছে না। এতে তিনি বিস্মিত হন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, সিরিজ চলাকালে বিসিবি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচ্ছন্নতা সেবা নেয়। টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান বিসিবি থেকে নির্ধারিত অর্থ গ্রহণ করলেও কর্মীদের কম পারিশ্রমিক দিচ্ছে। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় মধ্যবর্তী পর্যায়ে অর্থের একটি অংশ থেকে যাচ্ছে।

তামিম ইকবাল বলেন, বিষয়টি তার কাছে “খুবই বিস্ময়কর” মনে হয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের শ্রমিকদের পারিশ্রমিক থেকেও অর্থ কেটে নেওয়া হচ্ছে, এটি মেনে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেন তিনি।

এই পরিস্থিতির সমাধানে নতুন নির্দেশনা দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্নতাকর্মীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পারিশ্রমিক দিতে হবে এবং সেই প্রমাণ জমা দিতে হবে। অন্যথায় বিল পরিশোধ করা হবে না।

এছাড়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট সংখ্যক কর্মীকে ডেকে তাদের সামনে ন্যায্য পারিশ্রমিক প্রদান নিশ্চিত করতে।

বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি জরুরি।

এএন