তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায়নি কোনো দল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:১৮ পিএম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায়নি কোনো দল

বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। শনিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল। তবে ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রাই স্বীকার করেছেন, তারা কেউই এই ম্যাচ খেলতে চায়নি।

ম্যাচের আগে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, আমাদের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চাইনি। কিন্তু এখন খেলার কোনো বিকল্প নেই। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই আমরা ম্যাচটির জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।

বিশ্বকাপের শুরুতে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে নেমেছিল ফ্রান্স। অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের আশায় ছিল ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় ফ্রান্স। আর আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ফাইনালে ওঠার আশা।

আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। এর আগে তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের কাছেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তাঁর রক্ষণাত্মক কৌশল নিয়ে সমালোচনা হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে গুরুত্বহীন মনে করছেন না তিনি।

টুখেল বলেন, আগামীকালের ম্যাচে কেউই খেলতে চায় না। শেষ চারে থাকা সব দলই নিউইয়র্কে ফাইনাল খেলতে চেয়েছিল। কিন্তু এটি বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক ম্যাচ। ইংল্যান্ডের জন্য গত ৬০ বছরের মধ্যে সেরা ফল পাওয়ার সুযোগ রয়েছে। মানসিকতা এমন কিছু নয়, যা ইচ্ছামতো চালু বা বন্ধ করা যায়। পুরো টুর্নামেন্টে আমরা যে মানসিকতা দেখিয়েছি, সেটি আবারও প্রমাণ করার সুযোগ এই ম্যাচ।

এদিকে ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য। গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ত আট গোল করে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে সমান অবস্থানে রয়েছেন।

তবে চারটি অ্যাসিস্ট থাকায় টাইব্রেকারে এগিয়ে আছেন মেসি। এমবাপ্পের অ্যাসিস্ট সংখ্যা তিনটি। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম ছয়টি করে গোল নিয়ে এখনও গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন।

এম জি