আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, যা জানালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১১:৪০ পিএম
আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, যা জানালেন স্কালোনি

বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে ইউরোপীয় ফুটবলে নতুন আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি। এই তথ্য সামনে আসার পর থেকেই গুঞ্জন ছড়ায়, ক্লাব ফুটবলে ফিরতে পারেন আর্জেন্টাইন এই কোচ।

স্প্যানিশ কয়েকটি গণমাধ্যম দাবি করে, নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ নাকি তাঁকে কোচ হিসেবে পেতে আগ্রহী।

তবে এসব জল্পনায় নিজেই ইতি টানার চেষ্টা করেছেন স্কালোনি। আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও লা রেড’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি। মিডিয়ায় যা লেখা হচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানানোকে তিনি অপ্রয়োজনীয় বলেই মনে করেন।

স্কালোনির ভাষায়, তাঁর বর্তমান সব মনোযোগ কেন্দ্রীভূত শুধুই জাতীয় দলের দিকে। ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলের দায়িত্ব তাঁকে বেশি মানসিক শান্তি দেয় বলেও জানান তিনি। নিজের দেশ, পরিবার এবং সন্তানদের কাছাকাছি থাকতে পারার বিষয়টিকেও বড় করে দেখছেন এই কোচ।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি জানান, চলমান বিশ্বকাপ মিশন শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা তাঁর নেই। সময় এলে তখন পরিস্থিতি অনুযায়ী ভাবা হবে- এর বেশি কিছু এখনই বলতে নারাজ তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার সময় প্রায় অপরিচিত এক কোচ ছিলেন স্কালোনি।

কিন্তু সময়ের ব্যবধানে তাঁর হাত ধরেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পেয়েছে অভূতপূর্ব সাফল্য।

কোপা আমেরিকা, ফিনালিসীমা, কাতার বিশ্বকাপ- একটির পর একটি শিরোপা এনে দিয়ে তিনি নিজেকে বর্তমান সময়ের অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

স্বাভাবিকভাবেই এমন সাফল্যের পর বড় ক্লাবগুলোর আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়।

তবে আপাতত সব গুঞ্জনের ঊর্ধ্বে উঠে স্কালোনির বার্তা একটাই- এ মুহূর্তে আর্জেন্টিনা ছাড়া আর কিছু নয়।

এএন