মেসির আলাদা অনুশীলনের কারণ জানালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৩:২৬ পিএম
মেসির আলাদা অনুশীলনের কারণ জানালো আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরুর আগে ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। সেই কারণেই দলের প্রথম প্রস্তুতি অনুশীলনে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ সেশনে অংশ না নিয়ে আলাদাভাবে অনুশীলন করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ক্যাম্পের প্রথম অনুশীলন শুরু করে। সেখানে মেসি মূল দলের সঙ্গে পুরো সময় অনুশীলন না করে বিশেষ ফিটনেস কার্যক্রমে অংশ নেন।

গত ২৪ মে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যায় পড়েন মেসি। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার দলের বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে দলের চিকিৎসক ও ফিটনেস স্টাফ আশাবাদী, আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

৩৮ বছর বয়সী এই তারকা ক্যাম্পে যোগ দিয়ে মাঠে সীমিত ও নির্দিষ্ট অনুশীলন করেছেন। একই ধরনের শারীরিক সমস্যায় থাকা অন্য ফুটবলাররাও বিশেষ ফিটনেস সেশনে অংশ নেন।

আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব খেলোয়াড় ছোটখাটো চোট বা শারীরিক অস্বস্তিতে ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে আলাদা অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনা আগামী ৯ জুন অবার্নতে আইসল্যান্ড জাতীয় ফুটবল দলর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে খেলছেন মেসি। ২০০৫ সালে অভিষেকের পর তিনি আর্জেন্টিনার হয়ে ১৯৮টি ম্যাচে ১১৬ গোল করেছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি ফুটবলার নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

এম জি