বিশ্বকাপে আজ নামছে ফ্রান্স-সেনেগাল, ইরাকের প্রতিপক্ষ নরওয়ে

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:৫৭ পিএম
বিশ্বকাপে আজ নামছে ফ্রান্স-সেনেগাল, ইরাকের প্রতিপক্ষ নরওয়ে

২০২৬ বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে ‘আই’ গ্রুপের মাঠের লড়াই। প্রথম দিনেই মাঠে নামছে আসরের অন্যতম শিরোপাপ্রত্যাশী ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। নিউইয়র্ক-নিউজার্সিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গ্রুপের অন্য ম্যাচে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাক মুখোমুখি হবে তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের নরওয়ের। বোস্টনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর ৪টায়।

বিশ্বকাপের ইতিহাসে চারবার ফাইনাল খেলে দুবার শিরোপা জিতেছে ফ্রান্স। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি তারা। টানা দুই আসরে ফাইনাল খেলার অভিজ্ঞতা এবং প্রতিটি বিভাগে বিশ্বমানের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দল নিয়ে এবারও ট্রফি জয়ের প্রধান দাবিদার কাতার বিশ্বকাপের রানার্সআপরা।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ফরাসিদের ডাগআউটে এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। তাই বিদায়ের আগে আরও একবার সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছেন তিনি। ফরাসিদের আক্রমণভাগে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের মতো তারকারা। তাঁদের সঙ্গে থাকবেন মাইকেল অলিসে ও দেজিরে দুয়ে। মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও এবং অভিজ্ঞ এনগোলো কান্তে।

অন্যদিকে, প্রতিপক্ষ সেনেগালও বেশ আত্মবিশ্বাসী। চলতি বছরের শুরুতে মহাদেশীয় প্রতিযোগিতার ফাইনালে খেলা দলটি নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে বারবার। আফ্রিকার ‘তেরেঙ্গা লায়ন্স’রা এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। ২০০২ সালে প্রথম অংশগ্রহণেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল তারা। সাদিও মানের ওপর ভরসা রেখে এবারও প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সেনেগাল।

গ্রুপের অপর ম্যাচে নরওয়ে খেলবে ইরাকের বিপক্ষে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ঘিরে গড়া নরওয়েকেই এই ম্যাচে ফেভারিট ধরা হচ্ছে। অপরদিকে, দীর্ঘ ৪০ বছর পর ফুটবল মহাযজ্ঞে ফিরেছে ইরাক। এশিয়া অঞ্চলের বাছাইয়ের অতিরিক্ত পর্বে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল আসরে জায়গা করে নেয় তারা। বিশ্বকাপে ইরাককে নিয়ে খুব বেশি প্রত্যাশা না থাকলেও লড়াকু ফুটবল উপহার দিতে চায় দলটি। নরওয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলা এবং প্রতিরোধ গড়ে তোলাই হবে সাবেক এশিয়া সেরাদের প্রধান লক্ষ্য।

জেএইচআর