বিশ্বকাপে প্রথম জয়ে ইতিহাস গড়ল মিশর

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:৫০ এএম
বিশ্বকাপে প্রথম জয়ে ইতিহাস গড়ল মিশর

বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে মিশর। মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশদের নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।

সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মিশর। প্রথমার্ধে এক গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। মাইকেল পেইনের নেওয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় কিউইরা।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে মোহামেদ হানির দারুণ ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মোহাম্মদ জিকো।

সমতার পর আক্রমণের ধার আরও বাড়ায় মিশর। ৬৭তম মিনিটে জিকোর সঙ্গে চমৎকার এক-দুই পাস খেলে বক্সে ঢুকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

ম্যাচের ৮২তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় মিশর। সালাহর সহায়তায় ডান দিক থেকে আসা ক্রসে বদলি হিসেবে নামা ডেভিড ত্রেজেগে হেডে বল জালে পাঠিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

শেষ দিকে ব্যবধান কমানোর চেষ্টা করেও সফল হতে পারেনি নিউজিল্যান্ড। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিশর।

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করা মিশর এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। অন্যদিকে, ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার হারের স্বাদ পেল নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বে মিশরের পরবর্তী ম্যাচ ইরানের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। একই দিনে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

এম জি