নকআউট পর্বে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু ও সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৪:০৭ পিএম
নকআউট পর্বে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু ও সূচি চূড়ান্ত

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই দাপুটে জয়ে গতকাল রাতেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

আর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর আলবিসেলেস্তেদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও চূড়ান্ত হয়েছে।

গ্রুপ পর্বের বাধা তো পেরোনো গেল, তবে রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে, তা নিয়ে এখন ফুটবলবিশ্বে তুমুল জল্পনা-কল্পনা চলছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হওয়ায় নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের।

বর্তমানে এই গ্রুপে থাকা চার শক্তিশালী দল হলো– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। ইতোমধ্যে আর্জেন্টিনার রাউন্ড অব বত্রিশের খেলার দিনক্ষণ ও ভেন্যু সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে।

আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

আর্জেন্টিনার সমর্থকদের জন্য মজার ব্যাপার হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। ফলে ঘরের মাঠের চেনা আঙিনাতেই নকআউটের মহাগুরুত্বপূর্ণ মিশন শুরু করবেন মেসিরা।

‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং অন্যদিকে ওয়ানডে স্টাইলে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে।

এই দুই ম্যাচের শেষ ফলের ওপরই এখন পুরোপুরি নির্ভর করছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ আসলে কে হচ্ছে।

এএন