আর্জেন্টিনার গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের আপত্তি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৩:০৪ পিএম
আর্জেন্টিনার গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের আপত্তি

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জয় পেয়েও পুরোপুরি সন্তুষ্ট নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল ভিএআরের (VAR) মাধ্যমে বাতিল হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের দাবি, একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়ায় রেফারিংয়ের ধারাবাহিকতা প্রশ্নের মুখে পড়েছে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে তারা আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে লিওনেল মেসির একটি গোলের আগের বিতর্কিত মুহূর্তের উদাহরণও তুলে ধরেছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমে গোলটি স্বীকৃতি দেওয়া হলেও পরে ভিএআরের পরামর্শে রেফারি সেসার রামোস রিপ্লে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তার মতে, বল দখলের সময় স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির ওপর ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। ফলে গোলটি বাতিল করা হয়।

এই সিদ্ধান্তে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। পরে ব্রাজিল দলও জানায়, এমন সিদ্ধান্ত টুর্নামেন্টজুড়ে অনুসৃত ভিএআর ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সিবিএফের বক্তব্য, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে মেসির গোলের আগে সম্ভাব্য ফাউলের অভিযোগ থাকলেও সেখানে খেলা থামানো হয়নি এবং ভিএআরও হস্তক্ষেপ করেনি। অথচ একই ধরনের ঘটনায় ব্রাজিলের বিপক্ষে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাজিলের প্রশ্ন, যদি আর্জেন্টিনার ম্যাচে মাঠের সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুসের গোল বাতিল করতে ভিএআরের হস্তক্ষেপ কেন প্রয়োজন হলো? তাদের মতে, প্রযুক্তির ব্যবহার যেন সব ম্যাচে একই মানদণ্ডে হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে এই প্রতিবাদের ফলে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ব্রাজিল ৩-০ ব্যবধানে জয় নিয়েই গ্রুপ 'সি'র শীর্ষস্থান ধরে রেখে শেষ ৩২-এ উঠেছে। ম্যাচে পরে আরও একটি গোল করে জোড়া গোল পূর্ণ করেন ভিনিসিয়ুস। ব্রাজিলের অন্য গোলটি করেন মাতেউস কুনিয়া।

বাতিল হওয়া গোলটি স্বীকৃতি পেলে ভিনিসিয়ুসের হ্যাটট্রিক সম্পন্ন হতো। পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও তিনি আরও এগিয়ে যেতে পারতেন।

এদিকে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। গ্রুপ 'এফ'-এর রানার্সআপ দলটির বিপক্ষে সোমবার হিউস্টনে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। নকআউটের আগে নেইমারের ফেরার সম্ভাবনা, ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্ম এবং দলের আত্মবিশ্বাস ব্রাজিল শিবিরে বাড়তি ইতিবাচকতা এনে দিয়েছে।

এখন দেখার বিষয়, ব্রাজিলের আপত্তির বিষয়ে ফিফা কোনো ব্যাখ্যা দেয় কি না এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে ভিএআর ব্যবহারে আরও বেশি ধারাবাহিকতা বজায় থাকে কি না।

এম জি