মেসি নেই, আলভারেজ-লাউতারো জুটিতে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৭:৪৪ এএম
মেসি নেই, আলভারেজ-লাউতারো জুটিতে মাঠে নামবে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে ঘোষিত একাদশে সবচেয়ে বড় চমক লিওনেল মেসির অনুপস্থিতি। অধিনায়ককে বিশ্রাম দিয়ে দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

মেসি না থাকলেও আক্রমণভাগে শক্তির ঘাটতি রাখেননি স্কালোনি। একসঙ্গে মাঠে নামাচ্ছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। সাধারণত দুজনের মধ্যে একজনকে শুরুর একাদশে দেখা গেলেও, এবার জর্ডানের বিপক্ষে দুই স্ট্রাইকারকেই একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গোলবারের নিচে আগের মতোই আস্থা রাখা হয়েছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ওপর। রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডির সঙ্গে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি ও সিমিওনে।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো ও এক্সেকুয়েল পালাসিওসের সঙ্গে সুযোগ পেয়েছেন তরুণ নিকো পাজ। তাদের দায়িত্ব থাকবে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণভাগে সুযোগ তৈরি করা।

আর্জেন্টিনার শুরুর একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, সিমিওনে; জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, নিকো পাজ; জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

এএন