শেষ মুর্হূতের গোলে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০১:০৩ পিএম
শেষ মুর্হূতের গোলে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

নাটকীয় শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ সূচনা করেছে স্বাগতিকদের অন্যতম কানাডা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে পাওয়া একমাত্র গোলেই জয় নিশ্চিত করে তারা। এই জয়ের মধ্য দিয়ে চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো এই পর্যায়ে জায়গা করে নিল কানাডা।

ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণভাগে বেশি কার্যকর ছিল কানাডা। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করেছিল কানাডা। ময়জে বোমবিতোর হেড প্রায় জালে জড়িয়েই গিয়েছিল, কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল ঠেকান দক্ষিণ আফ্রিকার অব্রে মদিবা। ফলে কোনো দলই গোল করতে না পারায় বিরতিতে যায় ০-০ সমতায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে কানাডা। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও এমবোকাজির দৃঢ় রক্ষণে গোল পায়নি কানাডা।

সবকিছু যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত। ৯০+১ মিনিটে স্টিভেন ইউস্টাকিও জালের দেখা পেয়ে কানাডাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন। শেষ পর্যন্ত সেই এক গোলের ব্যবধানই ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

শেষ ষোলো নিশ্চিত করা কানাডা এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

এএন