চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২ (শেষ বত্রিশ)-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান। ইনজুরি টাইমের শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ হারলেও, রেফারির শেষ বাঁশির পর হিউস্টনের মাঠে যে আবেগঘন দৃশ্যের অবতারণা হলো, তা পুরো ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু মাঠে সব খেলোয়াড়দের একত্র করেন। এরপর গ্যালারির দিকে তাকিয়ে মাথা নত করে জাপানের জনগণের কাছে ক্ষমা চান।
আবেগঘন কণ্ঠে মরিয়াসু বলেন, আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায় সম্পূর্ণ আমার এবং আমি সবার কাছে ক্ষমা চাই।
তিনি আরও বলেন, হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তারাই নন, জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে আমাদের খেলা দেখেছেন এবং উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ।
ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর দুর্দান্ত গোলে লিড নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ‘ব্লু সামুরাই’রা। কিন্তু দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (৯৫ মিনিট) গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাটকীয় গোল জাপানিদের হৃদয় ভেঙে দেয়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন জাপানি ফুটবলাররা।
তবে মাঠ ছাড়ার আগে কোচ হাজিমে মোরিয়াসু পিচের মাঝখানে সব খেলোয়াড়কে নিয়ে একটি বৃত্ত তৈরি করেন। বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারে দেখা যায়, মোরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং বক্তব্য শেষে মাথা নত করলে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানান। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে তিনি জাপান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন।
মোরিয়াসু বলেন, এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল এটি সত্যিই ভীষণ হতাশার। তবে খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। যদিও এখন আমরা খুবই হতাশ, তবুও এই ফল মেনে নিয়ে এটিকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রেরণায় পরিণত করতে চাই।
এই বিশ্বকাপে জাপান একটি জয়, দুটি ড্র এবং একটি হার নিয়ে তাদের অভিযান শেষ করল। এর মাধ্যমে ইতিহাসে এখনো বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ জিততে না পারার আক্ষেপ রয়েই গেল জাপানের। অন্যদিকে জাপানকে বিদায় করে শেষ ষোলোতে পা রাখা ব্রাজিল এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন