যুক্তরাষ্ট্রের ডালাসে মিসর জাতীয় ফুটবল দলের হোটেলের বাইরে মার্কিন পুলিশের সঙ্গে দলের স্টাফদের এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিসর দলের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান এবং ডালাস পুলিশের এক সদস্যের মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তির মতো ঘটনা ঘটছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিসর দল তখন ডালাস ক্যাম্পে অবস্থান করছিল। সে সময় হোটেলের বাইরে বিপুল সংখ্যক সমর্থক, বিশেষ করে শিশু ভক্তরা খেলোয়াড়দের অটোগ্রাফ ও ছবি নেওয়ার জন্য ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত মার্কিন নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা ভক্তদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, এ সময় কোচিং স্টাফদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে এক নিরাপত্তা কর্মকর্তাকে হঠাৎ করে হাসানের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দিতে দেখা যায়। এরপরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ঘটনাস্থলে উপস্থিত মিসর দলের খেলোয়াড় ও অন্য স্টাফরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় আধা মিনিট ধরে এই হট্টগোল চলার পর পরিবেশ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ওই নিরাপত্তা কর্মকর্তা বারবার চিৎকার করে ‘ব্যাক অফ’ (পিছিয়ে যাও) বলে সতর্ক করছিলেন। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার বা গুরুতর আহত হননি।
মিসর দলের একটি সূত্র ‘দ্য ইজিপশিয়ান ইন্ডিপেন্ডেন্ট’কে জানিয়েছে, সমর্থকদের সাথে নিরাপত্তা ব্যবস্থাপনার সমন্বয় ঘাটতির কারণেই মূলত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। হোটেলের বাইরে খেলোয়াড়দের দেখার জন্য ভিড় জমে গেলে মার্কিন নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত কঠোর অবস্থান নেন, যা থেকেই উত্তেজনার সূত্রপাত।
অবশ্য মিসর দলের প্রস্তুতি ক্যাম্পে এই ঘটনার কোনো বড় প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করা হয়েছে। দলটি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের প্রস্তুতিতে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে।
উল্লেখ্য, চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিসর। এক জয় ও দুই ড্র নিয়ে তারা পরবর্তী ধাপে উঠেছে। দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, যিনি গ্রুপ পর্বে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। তবে শেষ ম্যাচে ইনজুরিতে পড়ায় নকআউটের শুরুর একাদশে তাঁর থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন