২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি ব্রাজিল ও নরওয়ের ম্যাচ। এই ম্যাচ নিয়ে চমকপ্রদ পূর্বাভাস দিয়েছেন বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটন। তার ধারণা, নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি সমতায় থাকলেও টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সাটনের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের ১২০ মিনিট শেষে স্কোরলাইন থাকবে ২-২। এরপর টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে নরওয়ে। তিনি মনে করছেন, টাইব্রেকারে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড দলের জয়ের অন্যতম নায়ক হবেন।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত সক্ষমতার প্রশংসা করলেও সাটনের মতে, জাপানের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের মাঝমাঠের দুর্বলতা স্পষ্ট হয়েছে। সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারে নরওয়ে।
তিনি আরও মনে করেন, ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের দ্বৈরথ ম্যাচের অন্যতম আকর্ষণ হবে। তবে শেষ পর্যন্ত হালান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্রাজিলের রক্ষণভাগ সফল হবে না বলেই তার বিশ্বাস।
পরিসংখ্যানও নরওয়ের পক্ষে কিছুটা কথা বলছে। ১৯৯৮ সালের পর দুই দলের চারটি মুখোমুখি ম্যাচে ব্রাজিল কোনো জয় পায়নি। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে নরওয়ে। পাশাপাশি ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে প্রতিবারই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাসে ভিন্ন চিত্র পাওয়া গেছে। মাইক্রোসফট কপাইলটের পূর্বাভাস অনুযায়ী, ৪-২ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল।
শেষ ষোলোর অন্য ম্যাচগুলো নিয়ে ক্রিস সাটনের পূর্বাভাসে মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে জয়ী দল হিসেবে দেখানো হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন