চলতি বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি বেশ আলোচনায় এসেছেন ঘানার বিখ্যাত তান্ত্রিক কুয়াকু বনসাম। বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে প্রথম আলোচনায় আসা এই তান্ত্রিক এবার লিওনেল মেসিকে নিয়ে নতুন বার্তা দিয়েছেন।
এর আগে ইংল্যান্ড ও ঘানার ম্যাচের সময় তান্ত্রিক কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে তিনি জাদু করে আটকে রেখেছেন এবং এই কারণে কেইন গোল করতে পারেননি। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যান তিনি।
হ্যারি কেইনের পর নকআউট পর্ব শুরু হতেই আর্জেন্টিনাকে নিয়েও একটি ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, তান্ত্রিক বনসাম এক ভিডিও বার্তায় বলেছেন যে নকআউটে কেপভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবার চ্যাম্পিয়ন হবে।
বাস্তবে তাঁর এই দুই দাবিই বিফলে গেছে। কেপভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন লড়াইয়ে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। নিজের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর এবার মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে ভোল পাল্টেছেন এই তান্ত্রিক।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে কুয়াকু বনসাম বলেন, আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আমার আধ্যাত্মিক শক্তি সবসময় মেসির সঙ্গে থাকুক।
দুই দিন আগে করা এই মন্তব্যের সপক্ষে নিজের পুরোনো কিছু পোস্টও শেয়ার করেছেন এই তান্ত্রিক। যেখানে তিনি দাবি করেন, আমি আসলে মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে- এমন কোনো মন্তব্য আমি কখনই করিনি। মেসিকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন