বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ এক গোল করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে মিশরকে। মাঠে গোল উদযাপন শুরু হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন ম্যাচ রেফারি। ফলে সম্ভাব্য লিড হারিয়ে বড় ধাক্কা খায় মিশর, আর স্বস্তি ফিরে আসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে।
গোলটির সূচনা হয়েছিল মিশরের রক্ষণভাগ থেকে গড়ে ওঠা দ্রুতগতির একটি পাল্টা আক্রমণ দিয়ে। ডান দিক দিয়ে গতিময় দৌড়ে এগিয়ে গিয়ে হাসান বল বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহর কাছে। সালাহ বক্সের ভেতরে নিখুঁতভাবে বল পৌঁছে দেন বাম প্রান্ত থেকে উঠে আসা জিকোর কাছে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আগেই বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান জিকো। চমৎকার এই আক্রমণ শেষ হওয়ার পর মিশরের খেলোয়াড় ও সমর্থকেরা গোল উদযাপনেও মেতে ওঠেন।
তবে গোলের পরপরই ভিএআরের হস্তক্ষেপে খেলার মোড় ঘুরে যায়। ভিডিও রিপ্লে পর্যবেক্ষণে দেখা যায়, আক্রমণের শুরুতেই মিশরের নিজেদের অর্ধে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে টেনে ধরেছিলেন।
ভিএআরের পরামর্শে রেফারি ঘটনাটি আবার পর্যালোচনা করেন এবং সেটিকে ফাউল হিসেবে বিবেচনা করেন। এরপর তিনি গোলের সিদ্ধান্ত পরিবর্তন করে আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিক দেন এবং মিশরের করা গোলটি বাতিল ঘোষণা করেন।
রিপ্লে বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচ পরিচালনার আইন অনুসারেই রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দ্রুতগতির দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে আসা গোলটি বাতিল হওয়ায় মিশরের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা নেমে আসে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন