নরওয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার পর ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং নিয়ে। ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে করা তার একটি ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
মিয়ামিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করে জয়ের মূল নায়ক হন জুড বেলিংহাম। এর আগে প্রথমার্ধে আন্দ্রিয়াস শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। তবে বিরতির আগেই সমতা ফেরায় ইংল্যান্ড, এরপর অতিরিক্ত সময়ে বেলিংহামের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা।
ম্যাচ শেষে ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে একটি পোস্ট দেন। সেই পোস্টের মন্তব্যে আলফ-ইঙ্গে হালান্ড নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি ব্যঙ্গ করে লেখেন, ‘দারুণ খেলেছে বেলিংহাম, আর রেফারিও (বেশ ভালো খেলেছে)।’
হালান্ডের বাবার এই মন্তব্য মূলত ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে। নরওয়ের অভিযোগ, প্রথমার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের সমতাসূচক গোলের আগে একটি গোল-কিকের বল স্টেডিয়ামের ওপরের ক্যামেরার তারে লেগেছিল। তাদের দাবি ছিল, বলের গতিপথ পরিবর্তন হওয়ায় খেলা থামানো উচিত ছিল। তবে ফিফার ‘কানেক্টেড বল’ প্রযুক্তির বিশ্লেষণে জানানো হয়, বাতাসে থাকা অবস্থায় বলের গতিতে কোনো অস্বাভাবিক পরিবর্তন পাওয়া যায়নি এবং তারে বল লাগার প্রমাণও মেলেনি।
এরপর ম্যাচের ৫৫ মিনিটে আরেকটি বিতর্কিত পরিস্থিতির মুখে পড়ে নরওয়ে। কর্নার থেকে তরবিয়র্ন হেগেমের করা গোলটি ভিএআর পর্যালোচনার পর বাতিল করেন রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত অনুযায়ী, কর্নার নেওয়ার সময় ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন আর্লিং হালান্ড।
ম্যাচের শুরুতে অবশ্য দারুণ অবস্থানে ছিল নরওয়ে। ৩৬ মিনিটে হ্যারি কেইনের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন আন্দ্রিয়াস শেলডারুপ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে অ্যান্থনি গর্ডনের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম।
নির্ধারিত ৯০ মিনিটের পরও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়নি। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মরগান রজার্সের দূরপাল্লার শট নরওয়ের গোলরক্ষক ইয়র্ন নিল্যান্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় ফিরতি বলে গোল করেন বেলিংহাম। সেই গোলেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।
ম্যাচের অতিরিক্ত সময়ে আর্লিং হালান্ডকে মাঠ থেকে তুলে নেন নরওয়ের কোচ। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ১৪ ম্যাচে গোল করার ম্যানচেস্টার সিটি তারকার অসাধারণ ধারাবাহিকতারও অবসান ঘটে।
এই জয়ের ফলে ইংল্যান্ড নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে এবার আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
আলফ-ইঙ্গে হালান্ড নিজেও একসময় পেশাদার ফুটবলার ছিলেন। ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই সাবেক ডিফেন্ডার ১৯৯৪ সালের বিশ্বকাপে নরওয়ের জার্সি পরেছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন