ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৮:২৮ পিএম
ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। চার বছর দায়িত্ব পালনের পর সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের টেস্ট অধ্যায়ের সমাপ্তি ঘটল।

রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মাত্র দুই সপ্তাহ আগে টেস্ট অধিনায়ক বেন স্টোকস নেতৃত্ব ছাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন। এরপর ম্যাককালামের বিদায়ের মধ্য দিয়ে ইংল্যান্ড ক্রিকেটে আলোচিত ‘বাজবল’ যুগেরও আনুষ্ঠানিক সমাপ্তি হলো।

তবে টেস্ট দলের দায়িত্ব হারালেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন ম্যাককালাম।

ইসিবির সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ে টেস্ট দলের ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্স এবং মাঠের বাইরের কিছু বিতর্ককে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। যদিও পুরুষ দলের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্রিকেট ডিরেক্টর রব কি তার দায়িত্বে বহাল থাকছেন।

দায়িত্ব ছাড়ার পর প্রতিক্রিয়ায় ম্যাককালাম বলেন, টেস্ট দলের সঙ্গে কাজ করা তার জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা। দলের অর্জন নিয়ে তিনি গর্বিত এবং এই সময়টিতে অনেক স্মরণীয় মুহূর্তের পাশাপাশি কঠিন সময়ও পার করতে হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব চালিয়ে যেতে না পারায় হতাশ হলেও বোর্ডের সিদ্ধান্তকে সম্মান করেন। এখন তার পুরো মনোযোগ থাকবে ইংল্যান্ডের সাদা বলের দলকে আরও সফল করে তোলার দিকে।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের টেস্ট পারফরম্যান্স ছিল হতাশাজনক। সর্বশেষ নয়টি টেস্টের মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছে দলটি। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ ৪-১ ব্যবধানে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয় পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। ১৪ বছরের মধ্যে ঘরের মাঠে অন্তত তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই ছিল ইংল্যান্ডের প্রথম হার।

এম জি