২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করার পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। চেঞ্জডটওআরজি প্ল্যাটফর্মে প্রকাশিত সেই আবেদনে ইতোমধ্যে ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তবে ফুটবলবিশ্বে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও এ উদ্যোগের কারণে ম্যাচের ফল পরিবর্তন হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই।
পিটিশনটির উদ্যোক্তা আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। তার অভিযোগ, ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দায়িত্ব পালনকারী স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল করেছেন। তার দাবি, এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, ফাইনাল ম্যাচে বিভিন্ন ধরনের ‘অনিয়ম’ ঘটেছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন বা যাচাইযোগ্য প্রমাণ পিটিশনের সঙ্গে উপস্থাপন করা হয়নি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ব্যাখ্যা অনুযায়ী, চেঞ্জডটওআরজি-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে করা পিটিশনের কোনো আইনি বা ক্রীড়া নিয়ন্ত্রক ক্ষমতা নেই। ফলে কেবল স্বাক্ষর সংগ্রহের ভিত্তিতে ফিফা কোনো ম্যাচের ফল পরিবর্তন বা পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয় না।
ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ পুনরায় আয়োজনের বিষয়টি বিবেচনায় আসে কেবল অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে। যেমন—ফুটবলের আইন ভুলভাবে প্রয়োগ করা হলে বা ফিফা কিংবা সংশ্লিষ্ট বিচারিক সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তে এমন প্রয়োজন দেখা দিলে। বিতর্কিত রেফারিং কিংবা সমর্থকদের অসন্তোষকে সাধারণত ম্যাচ পুনরায় আয়োজনের কারণ হিসেবে গণ্য করা হয় না।
২০২৬ বিশ্বকাপে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের পরও ফরাসি সমর্থকেরা একই ধরনের একটি অনলাইন পিটিশন চালু করেছিলেন। সেখানে ৮২ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। তাদের অভিযোগ ছিল, স্পেনের পক্ষে দেওয়া একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং সেই ম্যাচও পুনরায় আয়োজন করা উচিত।
তবে সেই আবেদনেও কোনো পরিবর্তন আনেনি ফিফা। ম্যাচের ফল বহাল থাকে এবং স্পেন ফাইনালে জায়গা নিশ্চিত করে।
বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশা থাকলেও আর্জেন্টিনার বিভিন্ন শহরে জাতীয় দলকে বীরের মর্যাদায় বরণ করে নেন সমর্থকেরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠায় লিওনেল স্কালোনির দলকে অভিনন্দন জানান তারা।
অন্যদিকে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।
অনলাইন পিটিশনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও আন্তর্জাতিক ক্রীড়া আইন বিশেষজ্ঞদের মতে, শুধু এ ধরনের আবেদনের ভিত্তিতে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের কোনো সুযোগ কার্যত নেই।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন