এপ্রিল ৫, ২০১৫, ০৫:৩৩ এএম
রাজধানীর বিজয় সরণিতে ঝড়ে হেলেপড়া বিলবোর্ড মেরামত করতে গিয়ে রোববার রাত ১টার দিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মিজানুর রহমান (৩৯) ও আব্বাস আলী (৩০)। কাফরুল থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা শততা এন্টারপ্রাইজ নামে একটি বিলবোর্ড নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। তারা রাতে বিজয় সরণির মোড়ে ঝড়ে হেলেপড়া একটি বিলবোর্ড মেরামত করতে যান। ঝড়ে বিলবোর্ডটি ১১ হাজার ওয়ার্ডের বিদ্যুতের তারের ওপর হেলে পড়ে। এ সময় বিদ্যুতের তারে কোথাও ছিদ্র থাকায় তারা পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সোহেল রানা আরও জানান, টহল পুলিশ খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের লাশ দু’টি বিলবোর্ডের ওপর থেকে নিচে নামিয়ে আনে।
উপ-পরিদর্শক সোহেল রানা জানান, সকালে নিহতের মধ্যে মিজানের স্বজনরা থানায় এসেছেন। তিনি নোয়াখালীর চাটখিলের আব্দুর রহিমের ছেলে এবং শততা এন্টারপ্রাইজের সরবরাহকারী। নিহত অপর জনের নাম ছাড়া কোনো পরিচয় জানা যায়নি।
তাদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।