এপ্রিল ৫, ২০১৫, ০৭:১২ এএম
তারা ফুটবলার। বিনোদন দেন ফুটবল খেলে। সেই তাদেরই কি না টার্গেট করলো অজ্ঞাতনামারা। গুলি চালালো বাসে। তাতে ক্ষয়ক্ষতি হয়নি কোনো খেলোয়াড়ের, কিন্তু ঘঠনাটা তো কলঙ্কিত এক অধ্যায়। বলা হচ্ছে তুরস্কের ঘটনাটার কথা। তাদের জনপ্রিয় ক্লাব ফেনারবাচে তুর্কি সুপার লিগের ম্যাচ খেলতে গিয়েছিলো রিজেসপোরে। সেখানে জিতলো ৫-১ গোলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি এরপর ইস্তান্বুল ফিরতে বিমানবন্দরে যায়। ত্রাবজন বিমানবন্দরেই কে বা কারা গুলি ছোড়ে তাদের বাস লক্ষ্য করে। এই ঘটনায় বাসের চালককে হাসপাতালে নেয়া হয়েছে। খেলোয়াড়দের কেউ আহত হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, এর তদন্ত হবে।
তুর্কি ফুটবল সংস্থা নিন্দা জানিয়েছে এই ঘটনায়। আর ফেনারবাচের মহা সচিব মাহমুত উসলু বলেছেন, "আমরা এখানে এসেছি খেলার জন্য। ফুটবল খেলতে গিয়েছিলাম।" তুরস্কের উত্তর-পূর্ব অঞ্চল ত্রাবজন। সেখানকার সরকার প্রথমে বলেছিলো, বাসে পাথর ছোড়া হয়েছে। পরে দ্বিতীয় বিবৃতিতে জানিয়েছে হয়তো বুলেটই ছোড়া হয়েছে। "মনে হচ্ছে বন্দুক দিয়ে ঘটনাটা ঘটানো হয়েছে।" গভর্নর আবদুল চেলিল বলেছেন, "কি ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না তবে মনে হচ্ছে রাইফেল থেকে গুলি করা হয়েছে।" তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ ফেনারবাচের সমর্থক। জানা গেছে, স্থানীয় সরকারকে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
ফেনারবাচে তুরস্কের ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন। মোট ১৯ বার শিরোপা জিতেছে তারা। খুবই জনপ্রিয় দলটি। তাদের দলে খেলেন ডার্ক কাইট, রাউল মিরেলেস, এমরারা। শনিবারের জয়ের পর ইস্তান্বুলের দলটি পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে গেছে। প্রতিদ্বন্দ্বী গালাতাসারের চেয়ে এক পয়েন্ট এগিয়ে তারা।