এপ্রিল ৬, ২০১৫, ০৫:৫৭ এএম
রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাজল (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। রোববার রাতে বাড্ডা আফতাবনগর প্রজেক্ট ৪ নং ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কাজল বাড্ডার আনন্দনগরে তার দুলাভাই জুয়েলের বাসায় থাকতেন।
জুয়েলের বাসার মালিক আবুল কালাম জানান, রাত ৯টার দিকে ৪ নং ঘাট এলাকার একটি সাঁকোর ইজারাদার আরিফের টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ৪/৫ জন যুবক। কাজল তাদের বাধা দিলে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এরপর কাজলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কাজলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।