এপ্রিল ৬, ২০১৫, ০৬:১৭ এএম
লক্ষ্মীপুরে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তার নাম সাদ্দাম হোসেন (২৮)।
রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে বিএনপির অভ্যান্তরীণ কোন্দলে সাদ্দাম হোসেনকে হত্যা করা হতে পারে বলে স্থানীয় একটি সূত্রে দাবি করা হচ্ছে। নিহত সাদ্দাম জাহনাবাদ গ্রামের আমানত উল্ল্যাহর ছেলে ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কিরণ পাটওয়ারী জানান।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় পালেরহাট থেকে বাড়ি ফেরার পথে জাহানাবাদ গ্রামের সমিলের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনকে গুলি করে। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সাদ্দাম হোসেনকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকলিপ্তভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
তদন্ত চলছে, সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।