Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

মৃত্যুদণ্ড রায় কার্যকর নিয়ে বিচলিত নন কামারুজ্জামান

এপ্রিল ৭, ২০১৫, ০৫:১০ এএম


মৃত্যুদণ্ড রায় কার্যকর নিয়ে বিচলিত নন কামারুজ্জামান

 মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান নিজের ফাঁসির রায় কার্যকর নিয়ে মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন তার ছেলে হাসান ইকবাল। তিনি আরো জানান, তার বাবা মানসিক ও শারীরিকভাবে দৃঢ় আছেন।

সোমবার রাতে কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।তিনি বলেন, তার রায় কার্যকর করা নিয়ে তিনি এবং আমরা কেউ বিচলিত নই। তাকে আমরা হাসিমুখে বিদায় জানিয়েছি।তিনি আরো বলেন, যে অভিযোগে তার ফাঁসি দেয়া হচ্ছে তা ঐতিহাসিকভাবে ভিত্তিহীন। তার উপর জুলুম চালানো হচ্ছে।

আল্লাহর আদালতে এর বিচারের ভার দিয়েছেন তিনি। হাসান ইকবাল আরো বলেন, তরুণ প্রজন্ম এ প্রহসনের বিচারের সমুচিত জবাব দেবে।এই দেখাই শেষ দেখা কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেখা শেষ দেখা নয় কারণ শেষ দেখা হলে অন্তরঙ্গভাবে কথা বলার সুযোগ পাওয়া যেত। আজ আমাদের সে সুযোগ দেয়া হয়নি।

নিজের কৃতকর্মের বিষয়ে তিনি অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে কামারুজ্জামানের ছেলে বলেন- তিনি অপরাধই করেননি অনুতাপের প্রশ্নই আসেনা।তিনি আরো জানান, রায়ের কপি হাতে পেলে আইনজীবীদের সাথে কথা বলে তিনি (কামারুজ্জামান) সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না। তিনি আরো বলেন, তিনি আমাদেরকে অতীতের মতই পরামর্শ দিয়েছেন-সৎভাবে চলার এবং হালাল উপার্জন করার।