রাজধানীতে আরও ৪ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা ১৫০০

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:১০ এএম

রাজধানীর আরও ৪টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে বা মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু করা হয়েছে। এ নিয়ে মোট ১৯টি ইন্টারসেকশনে এআই প্রযুক্তির ক্যামেরা সচল হলো। এই প্রযুক্তির মাধ্যমে এখন পর্যন্ত ১ হাজার ৫০০টি মামলা এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাফিকের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ তথ্য জানান। তেজগাঁও বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার জানান, আগে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু ছিল। আজ নতুন ৪টি যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। এই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১৫০০টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩৮ হাজার গাড়ির মালিকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ আলাদা হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

এআই ট্রাফিক প্রসিকিউশন বা মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে কমিশনার বলেন, ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার পর শুধু মোবাইল ফোনে বার্তা (এসএমএস) পাঠানোই হয় না, বরং ডাকযোগেও অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত দুটি নম্বর থেকেও এসএমএস যায়। এর পাশাপাশি বিষয়টি ডিএমপির ট্রাফিক সংক্রান্ত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

গাড়ি বিক্রি হলেও অনেকে মালিকানা পরিবর্তন না করায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাচ্ছে— এমন প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে। গাড়ির মালিকানা পরিবর্তনের বিষয়টি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সড়ক থেকে সব অটোরিকশা একবারে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে ডিএমপি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এই সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমানসহ ডিএমপি ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর