সরকারি ভাতা ও উপবৃত্তি পেতে আবেদন করবেন যেভাবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৫৪ পিএম

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

সম্প্রতি সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্ধারিত বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণ করা হবে।

এ ছাড়া ২০২৬-২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জীবনমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী এবং চা-শ্রমিকদের জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও অনলাইনে জমা দেওয়া যাবে।

সমাজসেবা অধিদফতর জানিয়েছে, আবেদন কার্যক্রম শুরুর আগে ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী এ বিষয়ে প্রচার-প্রচারণা পরিচালনা করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই তাদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

সমাজসেবা অধিদফতর আরও জানিয়েছে, যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা গ্রহণ করছেন, তারা এ কর্মসূচির জন্য নতুন করে বিবেচিত হবেন না।

এম জি