বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নবনির্বাচিত এই কমিটিতে সহ-সভাপতি পদে মো. আল শাহরিয়া সুইট (দৈনিক প্রতিদিনের কাগজ), সাংগঠনিক সম্পাদক পদে নাইমুর রহমান ইমন (ক্যাম্পাস টাইমস) এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. হৃদয় (দূরবীন নিউজ ও দ্যা ডেইলি পোস্ট) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তালহা (এডুকেশন টাইমস)।
এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান।
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, অত্যন্ত চমৎকার ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন এই নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর