রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এই ৪৮০ জনকে গ্রেপ্তার করে।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের তালিকায় সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৮৪ জন, ওয়ারী বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫০ জন, রমনা ও গুলশান বিভাগ ৪৭ জন করে, মতিঝিল বিভাগ ৪৬ জন এবং লালবাগ বিভাগ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ২ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন এবং ৫ বোতল ফেনসিডিল।
মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া ৫টি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেএইচআর