পুলিশ সুপার

মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৪:৫৫ পিএম

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেছেন, মধুখালী থানায় পুলিশ আছে, থাকবে, তবে মাদক থাকবে না। 

বলেন, “মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে; এক সঙ্গে দুটি জিনিস থাকতে পারে না।” 

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি প্রতিষ্ঠান হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যা মাদক নির্মূলের কাজে কার্যকরভাবে কাজ করে থাকে।

এসপি মো. আব্দুল জলিল বলেন, মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এটি হতে পারে তথ্য দিয়ে বা সামাজিক প্রতিরোধ গড়ে তুলে। প্রয়োজনে মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করা উচিত।

বৃহস্পতিবার দুপুরে মধুখালী থানা চত্তরে পুলিশের আয়োজনে ‘পুলিশকে সহায়তা করি—মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপি সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াত ইসলামী’র আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপি সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম আবুল, আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, ছাত্রদলের রেদওয়ান আবেদীন, উপজেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিতরা তাদের অভিযোগ, মতামত ও অনুভূতি প্রকাশ করেন এবং পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন।

ইএইচ