ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে (১৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
ঘটনাটি বুধবার রাতে উপজেলার মাঝিয়াকান্দি গ্রামে ঘটেছে।
আহত কিশোরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোরীর বড় ভাই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
অভিযানে পুলিশ সবুজ মিয়া (৩০), সুলতান মিয়া (২৮) ও নয়ন মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে।
অভিযোগে বলা হয়, ইয়াসিন মিয়া (২০) ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বয়স কম হওয়ায় তার পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর মুখ, গলা, হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াসিনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, মামলা রুজু হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ইএইচ