পাবনায় ইছামতি নদী খনন মামলা সমাধানের দাবিতে মানববন্ধন

পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৬:২৮ পিএম

মামলার জটের কারণে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর খনন কাজ বাধাগ্রস্ত হওয়ায় আদালতের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনের আয়োজন করেছে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা।

মঙ্গলবার সকাল ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) মাহাতাব উদ্দিন বিশ্বাস।

সভাপতির দায়িত্বে ছিলেন আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম, সঞ্চালনা করেন দৈনিক সিনসারের বিশেষ প্রতিনিধি খালেদ আহমদ।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলার সভাপতি ও আন্দোলনের সহ-সভাপতি পূর্ণিমা ইসলাম, সামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন, আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, কৃষিবিদ জাফর সাদেক, এমএস গ্রুপের পরিচালক মাহবুবুল আলম ফারুক প্রমুখ।

এছাড়া পাবনার বিভিন্ন স্কুল, কলেজ, সংগঠন ও ব্যাবসায়ি প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কবি ও ছড়াকাররা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারী পাবনা আদর্শ হাই স্কুলের প্রায় ৬০০ শিক্ষার্থীও ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইছামতি নদীর খনন কাজে বাধা সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত এবং দেশের পরিবেশ ও জনগণের জীবনযাত্রার জন্য ক্ষতিকর। মামলার দ্রুত সমাধান না হলে নদী উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হবে। বক্তারা সংশ্লিষ্ট আদালতের প্রতি দ্রুত এবং ন্যায্য সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।

ইএইচ