চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘ সময় ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে অনেক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা থেকে উপকৃত হবে।”
রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর-এর সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত ২০৯ জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত চোখের যত্নে নিয়মিত সবজি, ফলমূল ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণের গুরুত্বারোপ করে বলেন, “সচেতন হলে এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুললে দৃষ্টি সমস্যার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।” তিনি সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।
মাঝিরঘাট মরহুম নজু মিয়া বাড়ীর সামনে আয়োজিত ক্যাম্পে সভাপতিত্ব করেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ। উদ্বোধক ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া, হাজ্বী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন, লায়ন্স ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপ-কমিটি সদস্য সচিব হাজ্বী নুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকরা।
ইএইচ