চট্টগ্রামের বোয়ালখালীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ অভিযানে প্রায় ৩৪ শতক জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন থেকে কানুনগোপাড়া সড়কের লেভেল ক্রসিং বুড়ি পুকুরপাড় এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে রেলওয়ের পূর্বাঞ্চলীয় ভূ-সম্পত্তি বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
তিনি জানান, গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান শেষে প্রায় ১৫ হাজার বর্গফুট বা ৩৪ শতক জমি উদ্ধার করা হয়েছে।
দীপংকর তঞ্চঙ্গ্যা আরও বলেন, “গত বছরের ডিসেম্বর মাসে রেলপথ মন্ত্রণালয় থেকে রেলভূমি উদ্ধারের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
ইএইচ