সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে সমাবেশ

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:৩৬ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল এবং তার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌর সদরের মারকাজ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। অথচ তারা মৌলিক ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। কোরআন তেলাওয়াত, নামাজ শিক্ষা ও ইসলামী আদর্শ শেখানোর পরিবর্তে সংগীত শিক্ষা চালু করা মুসলিম সমাজের জন্য অশুভ পরিণতি ডেকে আনবে। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় ও নৈতিক শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে ওলামা নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল। 

বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামার সহ-সভাপতি মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, দপ্তর সম্পাদক মুফতি আহসানুল্লাহ কাসেমী, মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী, মুফতি ওয়ালী উল্লাহ প্রমুখ।

ইএইচ